তৃতীয় জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মরদেহ। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অধ্যাপক আরেফিন সিদ্দিকের শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়াজ আহমেদ খানও জানাজায় অংশ নেন। জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মসজিদে অধ্যাপক আরেফিন সিদ্দিকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর কিছুক্ষণ পর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত আরেফিন সিদ্দিকের শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনেরা এই জানাজায় অংশ নেন।
এই জানাজা শেষে অধ্যাপক আরেফিনের মরদেহ আজিমপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা–মায়ের কবরের পাশে মরদেহ দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তার বয়স হয়েছিল ৭২ বছর। অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক ডিক্লেয়ার করেছেন যে তিনি (আরেফিন সিদ্দিক) আর নেই। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরে যান। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।